বালাগঞ্জে হামলায় কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে হাওরের জমিতে চাষাবাদ করার সময় প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রশিদপুরে হাওরে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম ছরুক মিয়া (২৮)।

পুলিশ জানায়, হাওরে ছুরুক মিয়ার কিছু জমির মালিকানা নিয়ে চাচাতো ভাই মনির মিয়ার পরিবারের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গতকাল ভোরে বিরোধপূর্ণ জমিতে চাষবাসের জন্য সেচের ব্যবস্থা করতে যান ছুরুক মিয়া। বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ হচ্ছে—খবর পেয়ে একদল লোক ছুরুক মিয়াকে মারধর করে সেখানে ফেলে যায়। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ছুরুক মিয়ার বুকে ও পেটে আঘাত করে। রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলাকারীদের ধরতে তৎপরতা চলছে। মামলার প্রস্তুতি চলছে।