বালিতে ছয় বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় পাচার করার সময় কথিত ছয় বাংলাদেশিকে আটক করেছে ইন্দোনেশিয়ার বালির নুরা রাই ইমিগ্রেশন অফিস। গত ২৯ অক্টোবর মোহাম্মদ কাওসার প্রধান নামের এক ব্যক্তিসহ ওই সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয় বলে অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল মঙ্গলবার দ্য জাকার্তা পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়।

নুরা রাই ইমিগ্রেশন অফিসের প্রধান আরি বুদিজান্ত জানিয়েছেন, মঙ্গলবার বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্মকর্তারা ছয় বাংলাদেশিকে সন্দেহভাজন হিসেবে আটক করে। কয়েক সপ্তাহ ধরে তাঁরা একটি দ্বীপে অবস্থান করছিলেন বলে জানান তিনি।
ইমিগ্রেশন কর্মকর্তারা মোহাম্মদ কাওসারকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পাচারের তথ্য বেরিয়ে আসে। তাঁর কাছ থেকে বাকিদের নামের একটি তালিকা ও নগদ অর্থ পাওয়া যায়। পরে কর্মকর্তারা কাওসারকে অন্যদের সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দরে নিয়ে আসার জন্য বলেন।

আরি বুদিজান্ত বলেন, ‘আমরা আটক ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদ করব। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, তাঁরা সবাই অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন এবং ইন্দোনেশিয়ায় তাঁদের একমাত্র ট্রানজিট ছিল।’
অভিযোগ প্রমাণিত হলে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে কাওসারের ৫ থেকে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।