বালিশ চাপা দিয়ে খুন, সহায়তা করেন স্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় পরিবহনশ্রমিক রাসেল হক ওরফে রাজা হত্যার ঘটনায় গত রোববার রাতে সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া রাসেলের স্ত্রী জেসমিন গতকাল সোমবার স্বামীকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।
সদর থানায় পুলিশকে দেওয়া জেসমিনের স্বীকারোক্তি অনুযায়ী, ঘটনার সময় নিজের ঘরে শুয়ে ছিলেন রাসেল। বালিশ দিয়ে তাঁর মুখ চেপে ধরেন জেসমিনের কথিত প্রেমিক শাহ আলম ওরফে বাবু। শাহ আলমের এক বন্ধু ও জেসমিন রাসেলকে জাপটে ধরেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিক পাড়ার বাস শ্রমিক রাসেল হক (৩৫) গত শনিবার রাতে নিজ বাড়িতে খুন হন। এ ছাড়া ইজিবাইকের ব্যবসা ছিল তাঁর।
জেসমিন বলেন, রাসেলের সঙ্গে বিয়ের সময় তিনি অষ্টম শ্রেণিতে পড়তেন। তারও তিন বছর আগে থেকেই বড় বোন নাসরিন খাতুনের দেবর ঢাকার জুরাইনের শাহ আলমের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। আদম ব্যবসায়ী শাহ আলম কখনো ঢাকায়, কখনো মালয়েশিয়ায় থাকেন।
জেসমিনের ভাষ্য, তাঁর স্বামী রাসেল বেশ কয়েক মাস ধরে অসুস্থ। অন্যদিকে শাহ আলম তাঁকে বিয়ে করে ঢাকায় অথবা মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন। এমন প্রেক্ষাপটে রাসেলকে ইদানীং তাঁর অসহ্য লাগছিল, আর শাহ আলমের প্রতি টান বাড়ছিল। শাহ আলমের সঙ্গে সংসার পাততেই তিনি রাসেলকে হত্যার পরিকল্পনা করেন।
পরিকল্পনা মোতাবেক, গত শুক্রবার ভোরে শাহ আলম তাঁর এক বন্ধুকে নিয়ে চুয়াডাঙ্গায় আসেন। এদিন রাসেলকে চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নিয়ে যান জেসমিন। শাহ আলমও তাঁদের সঙ্গে যান। তাঁদের ইচ্ছা ছিল, কুষ্টিয়াতেই রাসেলকে খুন করা হবে। কিন্তু সুযোগ না পাওয়ায় শনিবার সন্ধ্যায় রাসেলকে নিজ বাড়িতে খুন করা হয়।
জেসমিনের ভাষ্য অনুযায়ী, রাসেল ঘটনার সময় বিছানায় শুয়ে টেলিভিশন দেখছিলেন। ছেলেমেয়েরা ছিল নিচতলায়। এ সুযোগে শাহ আলম তাঁর মুখের ওপর বালিশ চেপে ধরেন। রাসেলের বুকের ওপর বসেন শাহ আলমের বন্ধু। জেসমিন রাসেলের দুই পা জাপটে ধরেন। মৃত্যু নিশ্চিত হলে জেসমিনের ওড়না রাসেলের গলায় পেঁচিয়ে ঘরের বৈদ্যুতিক পাখার হুকে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর রাসেল আত্মহত্যা করেছেন বলে চিৎকার দেন। পুলিশি তৎপরতায় খুনের বিষয়টি রোববার জানাজানি হলে ওই দিন সকালে শাহ আলম ও তাঁর বন্ধু পালিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, রাসেল খুনের ঘটনায় তাঁর বড় ভাই রাশেদুল ইসলাম রোববার রাতে একটি হত্যা মামলা করেছেন। এতে রাসেলের স্ত্রী জেসমিন এবং শাহ আলম ও শাহ আলমের অজ্ঞাতনামা ওই বন্ধুকে আসামি করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোহাম্মদ বলেন, জেসমিনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।