বালিয়াকান্দি আ.লীগের দুই নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে গতকাল শনিবার সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন সনজিৎ রায় ও মৌসুমি আক্তার। মৌসুমি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। সনজিৎ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এর আগে বালিয়াকান্দি ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হান্নান। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আবদুস সাত্তার খান, সাধারণ সম্পাদক শামসুল আলম মিয়া সুফি, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্রে জানা যায়, সনজিৎ ও মৌসুমির মধ্যে বিয়ে, ধর্ম ত্যাগ, মামলার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। এ ঘটনায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে সন্তোষজনক উত্তর না পাওয়ায় সর্বসম্মতিক্রমে তাঁদের উপজেলা আওয়ামী
লীগের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

মৌসুমি আক্তার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এখনো লিখিত বা আনুষ্ঠানিকভাবে কিছু হাতে পাই নাই।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হান্নান বলেন, তাঁদের ব্যক্তিগত কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। এ কারণে উপজেলা কমিটি থেকে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাঁদের সাধারণ সদস্যপদ বহাল থাকবে।