বালিয়াকান্দিতে আ.লীগ নেতাকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রতিপক্ষের হাতুড়িপেটায় সিরাজুল ইসলাম (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন। গত সোমবার উপজেলার শালমারা গ্রামে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজুল ইসলামের বাড়ি বালিয়াকান্দি ইউনিয়নের শালকী গ্রামে। তিনি বালিয়াকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শালমারা মাদ্রাসার সামনে মজিদের দোকানে চা পান করছিলেন সিরাজুল। এ সময় পূর্ববিরোধের জের ধরে শালমারা গ্রামের সেলিম ওরফে বিহারী মল্লিকের নেতৃত্বে একদল লোক হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে সিরাজুলকে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সিরাজুলকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) অশোক কুমার মোদক জানান, সিরাজুল ইসলামের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম জানান, হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।