বালিয়াকান্দিতে এক সাংবাদিককে মারধর
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যদের বিরুদ্ধে সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত শহিদুল আলম মিয়া ওরফে মিলন (৩৩) দৈনিক ভোরের কাগজ পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি বালিয়াকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। অভিযুক্ত ইউপি সদস্যের নাম আজাদ শেখ (৩৫)। আজাদ জামালপুর ইউপির তুলশী বরাট গ্রামের বাসিন্দা।
আহত শহিদুল আলম বলেন, তিনি ৩০ হাজার টাকা দিয়ে ২৯ সেপ্টেম্বর ইউপি সদস্য আজাদের কাছ থেকে একটি পুরোনো মোটরসাইকেল কেনেন। কিন্তু কেনার সময় আজাদ বিক্রিনামা করে দেননি। গত শুক্রবার বিকেলে তিনি জামালপুর বাজারে রেলস্টেশনের পাশের একটি চায়ের দোকানে আজাদকে দেখতে পান। সেখানে বিক্রিনামা করে দেওয়ার বিষয়ে কথা বলার সময় আজাদ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে আজাদ তাঁকে চড়, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি মারতে থাকেন। মারধরের একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এ সময় তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়।
তিনি অভিযোগ করেন, মারধরের সময় তাঁর সঙ্গে থাকা ক্যামেরা ভেঙে যায়। এ ছাড়া তাঁর কাছে এক সমবায় সমিতির প্রায় ৮০ হাজার টাকাও ছিনিয়ে নেন তিনি। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আজাদ চলে যান। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আজাদ শেখ বলেন, ‘মোটরসাইকেলটি আমার নয়। আমি বেচাকেনা করার সময় সঙ্গে ছিলাম। আমাকে মারধর করা হয়েছে।’