বালিয়াকান্দিতে দুই গ্রামের সংঘর্ষে নারীসহ আহত ১৫
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল শুক্রবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সপ্তাহে উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা গ্রামের এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে পাশের রহমতপুর গ্রামের এক তরুণ পালিয়ে যান। গত বৃহস্পতিবার এ নিয়ে উভয় পক্ষ সালিস বৈঠক করে। পরে মেয়েটিকে তার পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়। তবে বৈঠকের শেষের দিকে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গতকাল সকালে খালকুলা গ্রামের কয়েক তরুণ গান গাইতে গাইতে রহমতপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁরা মারধরের শিকার হন। ঘটনাটি জানাজানি হলে খালকুলা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে আহত খালকুলা গ্রামের বাসিন্দা শিবলী (৩০), আবজাল শেখ (৩০), আকরাম শেখ (৩৫), বাচ্চু শেখ (৩৩), কাসেম শেখ (৩৮), লোকমান শেখ (৩৫) ও সুমন শেখ (২৫) এবং রহমতপুর গ্রামের রেহেনা বেগম (২৬), নুরজাহান (৪০), আবুল কালাম (৫০), খলিল মণ্ডল (৩০) ও মতিন কাজীকে (২৫) বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ছাড়া সংঘর্ষ চলাকালে রহমতপুর গ্রামের একটি বাড়ি ও দুটি দোকানে ভাঙচুর করা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের কথা শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’