বালিয়াকান্দিতে প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। চলমান কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, কোনো কোনো প্রকল্পে নির্ধারিত সংখ্যার চেয়ে অনেক কম শ্রমিক কাজ করছেন। আবার কোনো প্রকল্পে কোনো শ্রমিকই কাজ করছেন না।
রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, মে মাসে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (পিজিপিপি) দ্বিতীয় পর্যায় শুরু হয়। এর অধীনে উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৩৪টি প্রকল্প শুরু হয়। এসব প্রকল্পের উপকারভোগীর সংখ্যা এক হাজার ৫৩৯ জন। নিয়ম অনুযায়ী, প্রকল্প এলাকার দরিদ্র লোকজন সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন। প্রতি বৃহস্পতিবার শ্রমিকেরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে টাকা তুলে নেবেন।
উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের বেশ কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে অনিয়ম লক্ষ্য করা গেছে। গত ২ মে থেকে ইসলামপুর ইউনিয়নের শহীদনগর ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার মাঠ ভরাট করার কথা। এখানে কাজের জন্য ৩০ জন শ্রমিক তালিকাভুক্ত আছেন। কিন্তু সরেজমিনে কোনো শ্রমিককে পাওয়া যায়নি। মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ জানান, মাদ্রাসার নতুন শৌচাগারের পাশে মাটি ফেলা হয়েছে এপ্রিল মাসে। মে মাসে মাদ্রাসার মাঠে কোনো মাটি ফেলা হয়নি।
এ বিষয়ে ওই প্রকল্পের সভাপতি রেহেনা পারভীন বলেন, ‘এসব কাজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন খান নিজেই করান। সেদিন চেয়ারম্যান বলেন কাজ শেষ হয়ে গেছে। আমাকে শুধু নামেই সভাপতি রেখেছেন।’ এ বিষয়ে আবুল হোসেনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
জামালপুর ইউনিয়নে মোট চারটি প্রকল্পে ২৪০ জন শ্রমিকের কাজ করার কথা। মির্জাপুর পাকা রাস্তা থেকে ডাংগাহাতিমোহন পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য ৫০ জন শ্রমিকের কাজ করার কথা। ২ জুন সরেজমিনে সেখানে কোনো শ্রমিককে পাওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তায় ২০-২৫ জন শ্রমিক সপ্তাহ খানেক কাজ করেছেন। এ প্রকল্পের সভাপতি ও ওয়ার্ডের সদস্য মুরাদ বিশ্বাসের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
একই অবস্থা নারুয়া ইউনিয়নের চলমান পাঁচটি প্রকল্পের। ইউনিয়নের পাটকিয়াবাড়ী মতিয়ারের বাড়ি থেকে মোহাম্মদ মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৩৫ জন শ্রমিক বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে মাত্র ১৭ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। শ্রমিকেরা জানান, সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি মোফাজ্জেল মেম্বার প্রতিদিনের টাকা নিজে এসে তাঁদের দিয়ে যান। অথচ এই টাকা শ্রমিকদের ব্যাংক থেকে তোলার নিয়ম।
নারুয়া ইউপির চেয়ারম্যান রাবেয়া খানম বলেন, ‘প্রকল্পের কাজ দেখভালের জন্য সভাপতি আছেন। কোথায় কতজন কাজ করছে তা আমার জানা নেই।’ এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ অনিয়মের বিষয়ে তাঁরা কোনো অভিযোগ পাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, প্রকল্পের কাজ যদি কোথাও বন্ধ থাকে বা শ্রমিকের সংখ্যা কম থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।