বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে। বালিয়াকান্দি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আবদুল হান্নান মোল্লা এবং বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সর্পবেতাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ৩-০ গোলে পরাজিত হয় স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। এতে তাদের শরীর ও মন ভালো থাকবে। খেলাধুলায় ব্যস্ত থাকলে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে।