বালিয়াকান্দিতে বাড়ির সবাইকে অচেতন করে গয়না-টাকা লুট
রাজবাড়ীর বালিয়াকান্দিতে একই বাড়ির পাঁচজনকে অচেতন করে সোনার গয়না ও টাকাপয়সা লুট করেছে দুর্বৃত্তরা। উপজেলার জঙ্গল ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গঙ্গাসাগর গ্রামের বাসিন্দা হরেন্দ্রনাথ ঘোষসহ বাড়ির পাঁচ সদস্য প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে পাটখেতে কাজ করতে যাওয়ার কথা ছিল হরেন্দ্রনাথের। কিন্তু যাননি। পাটখেতে তাঁকে না পেয়ে বাড়িতে খুঁজতে আসেন একই গ্রামের বাসিন্দা দীনবন্ধু মণ্ডল। তিনি বাড়ির বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে তিনি বাড়ির ভেতরে গিয়ে ঘরের দরজা খোলা পান। ভেতরে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি আশপাশের লোকজনকে খবর দেন।
জঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারটির পাঁচ সদস্যকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল।
ওই পাঁচজন হলেন হরেন্দ্রনাথ ঘোষ (৭০), তাঁর ছেলে অরবিন্দ ঘোষ (৩৫) ও অঞ্জয় ঘোষ (৩২), অরবিন্দ ঘোষের স্ত্রী পূর্ণিমা রানী ঘোষ (৩০) ও অঞ্জয় ঘোষের স্ত্রী ঝুমুর ঘোষ (২২)। এঁদের মধ্যে অঞ্জয় ঘোষকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে বাড়িতে রেখে একজন গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্রনাথসহ স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হরেন্দ্রনাথসহ ঘটনার শিকার ব্যক্তিরা বৃহস্পতিবার রাতে আসলে কী ঘটেছিল, সে বিষয়ে কিছু বলেননি। তবে তাঁরা বলেছেন, দুর্বৃত্তরা তাঁদের পাঁচটি সোনার হার, চারটি আংটিসহ বিভিন্ন স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম গতকাল শনিবার বেলা দুইটার দিকে বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার শিকার ব্যক্তিদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছিল। কিন্তু তাঁদের কেউ এখনো থানায় আসেননি।