বালিয়াকান্দির সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহানকে সাময়িক বরখাস্ত ও বদলির আদেশ দেওয়া হয়েছে। ৩২ জন ছাত্রীকে পিটুনি দেওয়ার অভিযোগে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিদ্যালয় পরিষ্কার করার নির্দেশ দেন। কিন্তু শিক্ষার্থীরা তাতে অস্বীকৃতি জানালে ৩২ জনকে বেত দিয়ে পিটিয়ে আহত করা হয়। আহত ১৫ জনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল প্রথম আলোয় ‘আদেশ না মানায় ৩২ ছাত্রীকে পিটুনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা বিদ্যুৎ কুমার কুণ্ডু জানান, বৃহস্পতিবার দুপুরে আহত শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার বাড়ৈ জানান, ঘটনা তদন্ত করে বুধবার রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে প্রতিবেদন দেওয়া হয়। গতকাল সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক ফ্যাক্স বার্তায় প্রধান শিক্ষককে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি ও সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেওয়া হয়। ২১ আগস্ট থেকে বদলি ও ২৩ আগস্ট থেকে সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে।