বালু উত্তোলনে ঝুঁকিতে সেতু
শরীয়তপুর সদর উপজেলার রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীর তীর থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তীর থেকে বালু কাটার কারণে পালং-গয়াতলা সড়কের সেতুটি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘নদীর তীর থেকে মাটি কাটার ফলে সেতুর ক্ষতি হলে মাটি কাটা বন্ধ করে দেব। ওই স্থানটির মালিকানা কাদের, তাও খতিয়ে দেখা হবে।’
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শরীয়তপুর সদরের সঙ্গে মাদারীপুরের শিবচর উপজেলায় যাতায়াতের জন্য পালং-গয়াতলা সড়কটি ব্যবহার করা হয়। এই সড়কের রাজগঞ্জ এলাকায় নদীর ওপর ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু রয়েছে। এটির পাশ থেকে ইলিয়াস মকদম নামের এক ব্যক্তি ২ নভেম্বর থেকে শ্রমিক দিয়ে বালু কাটাচ্ছেন। প্রতি ট্রাক বালু বিক্রি করা হচ্ছে ৬০০ টাকায়। প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক বালু বিক্রি হচ্ছে। নদীভাঙনে আগেই সেতুটির আড়িগাঁও প্রান্তে ১০ মিটার জায়গা ধসে পড়ে। এ কারণে গত ৫ অক্টোবর থেকে সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ করা হয়। বালু কেটে নেওয়ায় সেতুটির আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
বালু কাটার শ্রমিক আবু আলেম বলেন, ‘আমরা প্রতি ফুট বালু কেটে ট্রাকে তুলে দেওয়ার জন্য ১ টাকা ৫০ পয়সা করে পাই। প্রতিদিন আমরা ছয়জন শ্রমিক ১৫-২০টি ট্রাকে বালু কেটে তুলে দিচ্ছি।’
সেতুর পাশের রাজগঞ্জ গ্রামের দিদারুল আলম বলেন, প্রতিবছর এখান থেকে বালু কাটা হচ্ছে। ফলে নদীভাঙন হচ্ছে। এ বছর নদীভাঙনে সেতুর একটি অংশ ধসে পড়েছে। দেড় মাস ধরে সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না।
স্বর্ণঘোষ গ্রামের ইলিয়াস মকদম বলেন, ‘নদীর তীরের ওই জায়গার মালিক আমার পরিবার। নিজেদের জমি থেকে বালু উত্তোলন করার জন্য কারও অনুমতির প্রয়োজন নেই। মাটি কাটার কারণে সেতুর ক্ষতিও হবে না।’