বালু তুলতে বাধা দেওয়ায় হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদী থেকে বালু তুলতে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে ১০ জন আহত হন। গতকাল বৃহস্পতিবার উপজেলার কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী বালু তোলার কাজে ব্যবহৃত একটি ড্রেজার (খননযন্ত্র) পুড়িয়ে দেন।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কান্দাপাড়া গ্রামের আজগর আলী (৫০), জামাল (২৪), মাইনুদ্দীন (২৮), শাহ পরান (১৮) ও রাসেল (১৬)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কান্দাপাড়া এলাকার মেঘনা নদী থেকে চার দিন ধরে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন ড্রেজার দিয়ে বালু তুলছিল। নদীভাঙনের আশঙ্কা দেখা দেওয়ায় স্থানীয় কয়েকটি গ্রামের লোকজন একত্র হয়ে বালু তোলায় বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুলের ভাড়াটে লোকজন কয়েকটি স্পিডবোট নিয়ে এলাকায় অস্ত্রের মহড়া দিতে থাকে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে একটি ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দেন। এর জের ধরে বালু উত্তোলনকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
আড়াইহাজার থানার খাগকান্দা নৌফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল জানান, ককটেলের স্প্লিন্টারের আঘাতে এবং ছোটাছুটি করতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাইফুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।