বালু তুলে বাঁধের বারোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ রক্ষা বাঁধ ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিন ধরে বাঁধের ওপর দিয়ে বালুবাহী ট্রাক ও ট্রলি চলাচল করায় এবং যমুনা নদী থেকে বালু তোলায় এটি দুর্বল হয়ে গেছে। এতে প্রতিবছর বন্যার সময় বাঁধ ধসে লোকালয় প্লাবিত হচ্ছে। নদীতে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এ বছর বাঁধ ধসে সড়কপথে উপজেলার দক্ষিণ অংশের সঙ্গে উপজেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনজুরুল ইসলাম জানান, এবারের বন্যায় দুটি জায়গায় প্রায় ৩৫০ ফুট বাঁধ ধসে ১৫টি পরিবারের বসতভিটা যমুনা নদীতে বিলীন হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ম তানভীর আহম্মেদ বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই গ্রামগুলোর কমপক্ষে পাঁচ হাজার হেক্টর জমির আমন ধান নষ্ট হয়ে গেছে। এলাকাবাসী অভিযোগ করেন, নাদাগাড়ী গ্রামের বেলাল হোসেন, উকিল মিয়া ও গাবেরগ্রামের সাইফুল ইসলাম যমুনা নদীর আটাত্তুর চর, চর নাংলা, নাদাগাড়ী, চর নাদাগাড়ী, গাবেরগ্রাম এলাকায় খননযন্ত্র বসিয়ে বালু তুলছেন। এই বালু ট্রাক ও ট্রলিভর্তি করে বাঁধের ওপর দিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বন্যা হওয়ার কারণে আপাতত বালু তোলা বন্ধ রয়েছে। তবে পানি পুরোপুরি নেমে গেলে ওই তিনজন আবার বালু তোলার কাজ শুরু করবেন।
বেলাল হোসেন ও উকিল মিয়া বলেন, তাঁরা ভবিষ্যতে যমুনা নদী থেকে আর বালু তুলবেন না। সাইফুল ইসলাম বলেন, ‘আমি ১০ বছর ধরে যমুনা নদীর বিভিন্ন এলাকা থেকে বালু তুলে বিক্রি করছি। এ পর্যন্ত কেউ আমাকে বাধা দেয় নাই। তবে সরকার নিষেধ করলে বালু উত্তোলন বন্ধ করে দিব।’
জানা গেছে, ২০০৫ সালে ইউএনডিপির অর্থায়নে গণস্বাস্থ্য নামের একটি বেসরকারি সংস্থা প্রায় কোটি টাকা ব্যয়ে উপজেলার গাবেরগ্রাম থেকে ভোলার চর পর্যন্ত ১০ কিলোমিটার মাদারগঞ্জ রক্ষা বাঁধ নির্মাণ করে। ২০০৮ সালের বন্যায় এর আধা কিলোমিটার ধসে প্রায় ৩০ ফুট গভীর হয়ে যায়। ২০১৩ সালে ওই ভেঙে যাওয়া অংশসহ বাঁধের প্রায় পাঁচ কিলোমিটার ইউএনডিপির অর্থায়নে ৭২ লাখ টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ অংশের নাংলা, চর নাংলা, আটাত্তুর চর, নাদাগাড়ী, খামার মাগুরা, চর ফোলজোড়সহ কমপক্ষে ১৫টি গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের সংক্ষিপ্ত পথ মাদারগঞ্জ রক্ষা বাঁধ। বাঁধটি ধসে পড়ায় এখন তাঁদের উপজেলা শহরে যেতে সমস্যা হচ্ছে।
মাদারগঞ্জের ইউএনও মো. কামরুজ্জামান বলেন, বাঁধের ওপর দিয়ে বালুভর্তি ভারী যানবাহন চলাচল করায় সামান্য স্রোতে দুটি বাঁধটি পুনর্নির্মাণের পর প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনকারী ও ট্রলিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।