বালু তোলা নিয়ে সংঘর্ষ, যন্ত্র ও ঘরে আগুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঘুনিয়া এলাকায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন নিয়ে গত মঙ্গলবার রাতে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ সময় বালু তোলার একটি এক্সকাভেটর ও একটি বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সংঘর্ষকালে একটি ওষুধের দোকান ভাঙচুর করা হয়।
আহত ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সহসভাপতি লক্ষ্মণ দাশ (৪৫), ঘুনিয়া এলাকার ভূপেন কুমার দে (৪০) ও সালাহউদ্দিন (৩১) এবং এক্সকাভেটরচালক শাহ আলম (৩৫)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় লোকজন বলেন, মাতামুহুরী নদীর ঘুনিয়া এলাকায় জেগে ওঠা চর নিজের দাবি করে সেখান থেকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মণ দাশ বালু তোলা শুরু করেন। এ নিয়ে তাঁর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার রাত নয়টার দিকে গিয়াস উদ্দিনের লোকজন লক্ষ্মণ দাশের লোকজনের ওপর হামলা করে।
লক্ষ্মণ দাশ বলেন, ‘নদীর জেগে ওঠা চর আমার খতিয়ানভুক্ত। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে সেখান থেকে বালু উত্তোলন করছিলাম। সোমবার উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ভুল তথ্য দিয়ে আমার এক্সকাভেটরটি জব্দ করা হয়। এক্সকাভেটরটি প্রশাসনের হেফাজতেই ছিল। মঙ্গলবার রাতে চেয়ারম্যান গিয়াস উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা এক্সকাভেটর ও আমার পুরোনো বসতঘরটি পুড়িয়ে দিয়েছে। আমি ওই এলাকায় ভূপেন কুমার দের ওষুধের দোকানে বসি বলে তাঁর দোকানটি ভাঙচুর ও তাঁকে মারধর করেছে সন্ত্রাসীরা।’
তবে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘নদীর চর থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে মন্দির ও গ্রামীণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে। এতে স্থানীয় লোকজন প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছে। এ কারণে লক্ষ্মণ দাশের লোকজন তাঁদের ওপর হামলা করে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুব উল করিম বলেন, ‘সোমবার এক্সকাভেটর দিয়ে মাটি কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে এক্সকাভেটরটি জব্দ করা হয়নি। সেটি স্থানীয় চৌকিদার নেজাম উদ্দিনকে রাখতে বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে খবর আসে এক্সকাভেটরটি পুড়িয়ে দেওয়া হয়েছে।’
এদিকে ওই ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরে প্রেসক্লাবের সামনে হিন্দু সম্প্রদায়ের লোকজন মানববন্ধন করেন। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি সমীরণ ধর, চকরিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক রতন বরণ দাশ প্রমুখ। বক্তারা সাবেক কাউন্সিলর লক্ষ্মণ দাশের ওপর হামলার ঘটনায় চেয়ারম্যান গিয়াস উদ্দিনের শাস্তি দাবি করেন।