বালু তোলা বন্ধ করার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলা বন্ধ ও বালুমহাল ইজারা বাতিলের দাবিতে নরসিংদীর রায়পুরা উপজেলায় সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও নৌকাবন্ধন হয়েছে। রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লোকজন গতকাল সোমবার এ কর্মসূচির আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মাঝখানে বালু না পেয়ে ইজারাদারেরা এখন নদীর পাড়ে খননযন্ত্র বসিয়ে বালু তুলছেন। এতে রায়পুরা উপজেলার চানপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের বেশ কিছু গ্রামের অনেকের বসতভিটা বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে আছে কয়েক শ বাড়ি। বিষয়টি প্রশাসন ও ইজারাদারদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না।

চানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমেন সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের আবদুল মালেক, ওয়ালিদ আক্তার, কেদারখোলা গ্রামের মোবারক হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে ক্ষতিগ্রস্ত লোকজন মেঘনা নদীর মাঝে নবীনগর-নরসিংদী-নারায়ণগঞ্জ-ভৈরব-ঢাকা নৌপথে সারিবদ্ধভাবে অর্ধশত নৌকা রেখে নৌকাবন্ধন করেন। পরে তাঁরা একই স্থানে বিক্ষোভ করেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মোশারফ হোসেন নামের এক ব্যক্তি বীরগাঁও চরকেদারখোলা এলাকায় বালুমহালের ইজারা পান। কিন্তু নির্ধারিত জায়গা ছাড়াও তিনি বাইশমোজা বাজার, গাছতলা দাসকান্দি, শিবপুর, ছয়ঘরহাটি, শুভারামপুর এবং রায়পুরার চানপুর এলাকা থেকে বালু তুলছেন।

বালুমহালের ইজারাদার মোশারফ হোসেন বলেন, ‘গত জুন মাসের দিকে আমি ১৬ লাখ টাকা দিয়ে বালুমহাল ইজারা নিয়েছি। এ পর্যন্ত আমার মাত্র আড়াই লাখ টাকা আয় হয়েছে। স্থানীয় কিছু লোক রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু তুলছে। নাম পড়ছে আমার। আমি ওই নদীপথে বালু তোলার কাজ আর করব না।’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বালুমহালের নির্দিষ্ট জায়গা থেকে বালু তোলার কথা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।