বালু তোলা বন্ধ, যন্ত্রপাতি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বালুমহালের বাইরে থেকে বালু তোলার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন গত সোমবার রাতে ইজারাদারের বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ ও বালু তোলার কাজ বন্ধ করে দিয়েছে।
ইজারাদার মজিবার রহমান বলছেন, তাঁর বালু তোলার কাজ বন্ধ করে দিলেও একই এলাকা থেকে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু তুলছেন। তাতে উপজেলা প্রশাসন বাধা দিচ্ছে না। তিনি গতকাল মঙ্গলবার পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তাঁর ইজারা নেওয়া বালুমহালের পাশ থেকে বেআইনিভাবে বালু উত্তোলন বন্ধের জন্য লিখিত আবেদন করেছেন।
ইউএনও তরফদার মাহমুদুর রহমান বলেন, বালুমহাল ইজারা দেন জেলা প্রশাসক। তিনি কিছুদিন আগে এখানে যোগ দিয়েছেন। সে কারণে বালুমহালের প্রকৃত ইজরাদার কে, তা জানেন না। মজিবার রহমান বালুমহালের বাইরে থেকে বালু উত্তোলন করায় তাঁর বালুর গাড়ি জব্দ করা হয়েছে। অন্য পক্ষকেও কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে।
মজিবার রহমান বলেন, বাংলা ১৪২২ সনের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে পার্বতীপুরের বড় হরিপুরের ছোট যমুনা নদী সরকারি বালুমহাল ২ লাখ ৩০০ টাকায় ইজারা নেন ‘মেসার্স মণ্ডল ট্রেডার্সের’ মালিক ও বালু ব্যবসায়ী মশিয়ার রহমান। গত বৈশাখ থেকে সেখানে মশিয়ার রহমান, তাঁর ব্যবসায়িক অংশীদার মাহবুব রশিদ ও মজিবার রহমান বালু উত্তোলন করে আসছিলেন। আগামী ৩০ চৈত্র (১৩ এপ্রিল) এ ইজারার মেয়াদ শেষ হবে। গত এক সপ্তাহ আগে ওই বালুমহালের পাশে বোমামেশিন বসিয়ে সেখান থেকে বড় হরিপুর গ্রামের পোদ্দারপাড়ার মানিক কুমার (৩২) ও মহাদেব বাচ্চু (৩৮) এবং উত্তর শালন্দার সরকারপাড়া গ্রামের বেলাল হোসেন (৫০) ও গোলাম মুর্তজা (৩০) অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইজারাদার মজিবার রহমান গত রোববার তাঁর ইজারা নেওয়া বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। পরদিন সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ওই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করে তাঁর বালু উত্তোলন বন্ধ করে দেয়।
মানিক কুমার বলেন, ‘আমরা এভাবেই বালু তুলে আসছি। এতে কেউ বাধা দেয়নি।’