বালু তোলায় চরের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের আলগারচর এলাকার ফসলি জমিতে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতাসহ কয়েকজন এই কাজে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তিরা। বালু তোলার কারণে ওই চরের ৬০০ বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে।
বালু তোলা বন্ধে ব্যবস্থা নিতে বাহেরচর গ্রামবাসী গত বুধবার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, বাহেরচর গ্রামের পশ্চিম দিক মেঘনা নদী এবং গ্রামের মাঝখানে কয়েক হাজার একর ফসলি জমি আছে। মেঘনা নদী থেকে কয়েক বছর ধরে একাধিক চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তিন মাস ধরে একটি চক্র ফসলি জমিতে সাত-আটটি ড্রেজার বসিয়ে জমির বালু তুলছে। এতে গ্রামের কয়েক শ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে এবং জমিতে ভাঙন দেখা দিয়েছে।
পাশের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুছ ছাত্তারের নেতৃত্বে কয়েকজন ওই বালু উত্তোলন করছেন। অন্যদিকে মামুন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বাঞ্ছারামপুর উপজেলার খাসনগর পাওয়ার হাউস-সংলগ্ন মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
গত সোমবার আলগারচরে গিয়ে দেখা যায়, মেঘনা নদীর পাড়ের প্রায় ১০০ গজ দূরে কৃষিজমিতে ছয়টি খননযন্ত্র বসিয়ে বাল্কহেডে বালু ভরাট করা হচ্ছে। এ সময় ৩০-৩৫টি বাল্কহেড বালু নেওয়ার জন্য অপেক্ষা করছিল।
এখান থেকে প্রতিদিন দুই শতাধিক বাল্কহেডে বালু তুলে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
বাহেরচর গ্রামের কৃষক হেলাল মিয়া অভিযোগ করে বলেন, নদী নয়, চক্রটি জমি থেকে বালু তুলছে।
মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ মোল্লা বলেন, গত দুই মাসে প্রায় ৩০ কোটি টাকার ফসলি জমির ক্ষতি হয়েছে। মামুন এন্টারপ্রাইজের নামে চক্রটি প্রতিদিন চার-পাঁচ লাখ টাকার বালু লুট করছে।
কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘মেঘনা নদীতে আমার ছয়টি ড্রেজার (খননযন্ত্র) আছে। এগুলো কোথা থেকে বালু উত্তোলন করছে, তা না দেখে বলতে পারব না। তা ছাড়া আমি আড়াইহাজার উপজেলার শম্ভুপুরা বালুমহালের ইজারাদার।’ শম্ভুপুরা বালুমহাল কোথায় জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুছ ছাত্তার বলেন, ‘বাহেরচরের আবদুল করিম, বাবুল মোল্লার কাছ থেকে মামুন এন্টারপ্রাইজের কাগজপত্র নিয়ে যৌথভাবে মহাল থেকে বালু তুলছি। জমি থেকে নয়।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার বলেন, বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর এবং আড়াইহাজার উপজেলার কদমীচরের মাঝখানে মেঘনা নদীতে কোনো বালুমহাল নেই। আলগারচর একটি দুর্গম এলাকা বলে সেখানে আড়াইহাজার উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথ অভিযান চালাতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-খাজা আলামীন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।