বালু তোলায় বাধা দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে নদীর পাড়ের জমি থেকে প্রতিপক্ষের বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কৃষক আবদুল হামিদ (৭০)। গতকাল রোববার উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বছিরবানিয়া বড়হরিপুর গ্রামের ছোট যমুনা নদীর ধারে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি বড়হরিপুর গ্রামের শাহাপাড়ায়।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ছোট যমুনা নদীর ধার ঘেঁষে বড়হরিপুর মৌজায় আবদুল হামিদের ১৪ শতক আবাদি জমি ছিল। পৈতৃক সূত্রে তিনি এ জমি পেয়েছিলেন। বিগত কয়েক বছরের বন্যায় জমিটি নদীতে বিলীন হয়ে যায়। পাশের পোদ্দারপাড়া গ্রামের মানিক কুমার (৩২), মহাদেব বাচ্চু (৩৮), উত্তর শালন্দার সরকারপাড়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও গোলাম মুর্তোজা (৩০) মিলে নদীতে বিলীন হয়ে যাওয়া ওই জমির এলাকায় বোমা মেশিন বসিয়ে সাত-আট দিন ধরে জোর করে বালু তুলে আসছিলেন। এতে প্রথম থেকেই বাধা দিয়ে আসছিলেন হামিদ ও তাঁর ছেলেরা। গত শনিবার এ নিয়ে দুই পক্ষের মধ্যে সালিস বৈঠক হয়। সেখানে হামিদ বালু তোলা বাবদ ২০ হাজার টাকা দাবি করলেও বালু ব্যবসায়ীরা মাত্র দুই হাজার টাকা দিতে রাজি হন। এতে কোনো সমঝোতা না হওয়ায় সালিস অমীমাংসিত থেকে যায়।
গতকাল আবারও বালু তোলার খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়েন আবদুল হামিদ। খবরটি শুনেই তিনি বাড়ি থেকে ছুটে যান। ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে মাটিতে পড়ে যান তিনি। লোকজন ছুটে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পান।
আবদুল হামিদের ভাতিজা মো. রাশেদ (২৪) বলেন, তাঁর চাচা উত্তেজিত হয়ে পড়েছিলেন।