বালু ফেলে নদী ও রাস্তা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামে মেঘনা নদীর একাংশ বালু ফেলে দখল করা হয়েছে। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামে মেঘনা নদীর একাংশ বালু ফেলে দখল করা হয়েছে। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বালু ফেলে মেঘনা নদীর প্রায় আড়াই বিঘা জমি ও একটি রাস্তার কিছু অংশ দখল করেছেন সোলায়মান মিয়া নামের আওয়ামী লীগের স্থানীয় এক সাবেক নেতা।
ওই ব্যক্তি সোনারামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে নদী ও রাস্তার জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। কারণ, ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে মাত্র দেড় শ মিটার দূরে হলেও বাধা দেননি ওই কর্মকর্তা।
সোনারামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মান্নান যোগসাজশের কথা অস্বীকার করে বলেন, ‘আমাদের অফিসের কাছাকাছি হলেও আমরা বাধা দিইনি। শুধু সোলায়মান মিয়াকে বলেছি জায়গা ভরাট করার সময় মেপে ভরাট করতে। জায়গা ভরাট করার সময় আমি সত্যিকার অর্থে সোনারামপুরে ছিলাম না। বালু ভরাট করা জায়গা মাপতে গত সপ্তাহে উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার (আমিন) চেয়েছি। ওই অফিস এখনো আমিন দেয়িন।’
ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, সোনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ প্রান্ত থেকে শুরু হয়ে একটি রাস্তা বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে উত্তর দিকে ফেরাজিয়াকান্দিতে মিলিত হয়েছে। রাস্তার পশ্চিম পাশে মেঘনার তীরে সোনারামপুর মৌজায় ৩৪৫ দাগে ওই গ্রামের সোলায়মান মিয়ার ৫৫ শতক জায়গা রয়েছে। তিনি চার মাস আগে বালু ফেলে রাস্তা ও নদী দখলের কাজ শুরু করেন।
সরেজমিনে গত সোমবার দেখা গেছে, সোনারামপুর প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সরকারি রাস্তাসহ অন্তত ২০০ ফুট জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, প্রায় ২০ বছর আগে সোনারামপুর বাজারের ভেতর দিয়ে বিকল্প পাকা সড়ক নির্মাণ করা হয়। বিকল্প রাস্তা হওয়ায় বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কের কোনো উন্নয়ন আর হয়নি। বালু ভরাট করা জায়গার উত্তর পাশে সরকারি একটি পাকা ঘাট রয়েছে। সোনারামপুর বাজারে আসা পণ্যবাহী নৌকা থেকে মালামাল ওই ঘাট দিয়ে ওঠানো-নামানো করা হয়। স্থানীয় কৃষক মো. করিম মিয়া বলেন, ‘ব্রিটিশ আমলের রাস্তাডা পুরা দখল কইরা ফালাইছে। আর নদীরও দুই-তিন বিঘা দখল কইরা বালু ভরছে।’
সোলায়মান মিয়া নিজেকে সোনারামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দাবি করে বলেন, ‘আমার জায়গা না মাইপাই বালু দিয়া ভরাট করছি। নদীর দিকে ১০০-১৫০ ফুট ভরাট করেছি। জায়গা ভরাট করার সময় ইউনিয়ন ভূমি অফিসের লোকজন আমাকে কোনো বাধা দেয় নাই। হেরা কইছে নিজের জায়গা ভরতে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ‘সোনারামপুরে সরকারি রাস্তা ও মেঘনা নদী দখল করেছে, এমনটি আমার জানা েনই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’