বালু ব্যবসার অভিযোগে ১৩ যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু ক্ষতিগ্রস্ত করে বালু উত্তোলন ও নদী ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা করার অভিযোগে ১৩ যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা করেছে সোনারগাঁ থানা-পুলিশ। গতকাল বুধবার ওই মামলা করা হয়।
সোনারগাঁ থানার এসআই ইয়াছিন মুন্সি বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, আসামিরা মেঘনা নদীর তীরে সরকারি জায়গা দখল করে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি করেছে। মামলায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের যুবলীগ কর্মী শাহাবুদ্দিন প্রধান, তোফায়েল আহাম্মেদ, জসিম মিয়াসহ ১৩ জনকে আসামি করা হয়। থানার ওসি মঞ্জুর কাদের জানান, গত মঙ্গলবার ঘটনাস্থল থেকে আটক যুবলীগ কর্মী খোকন মিয়া, আলমগীর হোসেন, সেলিম মিয়া ও মহসিন মিয়াকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে।