বালু ব্যবসায়ীদের হামলা, নারী গুলিবিদ্ধ
গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল নয়াপাড়া এলাকায় গতকাল সোমবার ভোরে বালু ব্যবসায়ীদের হামলায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হন। এর আগে রোববার এলাকাবাসী ও বালু ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হন।
গুলিবিদ্ধ নারী হলেন গাজীপুরের নয়াপাড়া এলাকার নূর আলমের স্ত্রী নাজমা বেগম (৪৫)। নাজমা ও তাঁর ছেলে সুমন হোসেন মোল্লা (২৫) এবং কুদ্দুছ মিয়ার স্ত্রী নূর নাহার (৪২) ও তাঁর ছেলে সিনবাদসহ (২১) কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাইমাইল নয়াপাড়া (পুরোনো সড়ক) এলাকায় সরকারি জমিতে দরিদ্র পরিবারের কয়েক হাজার মানুষ বসবাস করছে। ১৪-১৫ দিন আগে প্রভাবশালী কিছু বালু ব্যবসায়ী ড্রেজার (খননযন্ত্র) দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বালু তোলা শুরু করেন। পরে এলাকাবাসী বাধা দেওয়ায় ব্যবসায়ীরা পাইপ খুলে রাখেন। রোববার বিকেলে আবারও পাইপ লাগাতে গেলে এলাকাবাসী বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। গতকাল ভোরে কয়েকজন বালু ব্যবসায়ী অস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলা চালান। এলাকাবাসীকে লক্ষ্য করে তাঁরা গুলি ছোড়েন। এতে নাজমা পায়ে গুলিবিদ্ধ হন। এ ছাড়া কমপক্ষে ১০ জন আহত হন। পরে এলাকার সবাই জড়ো হলে বালু ব্যবসায়ীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্বাছ উদ্দিন বলেন, বালু ব্যবসায়ীরা অস্ত্রসহ এলাকাবাসীর ওপর হামলা চালান। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া কমপক্ষে ১০ জন আহত হন। এর আগে রোববার বালু ব্যবসায়ীরা তাঁদের ওপর হামলা চালান।
কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’