বালু ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের টেকেরবাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার নয়ন হোসেন (৩০) নামের এক বালু ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় লুঙ্গি প্যাঁচানো ছিল। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ছাড়া পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ টেকেরবাড়ির ছাড়াবাড়ি এলাকা থেকে নয়ন হোসেনের লাশ উদ্ধার করে। হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি দিয়ে প্যাঁচানো লাশটি পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নয়নের চাচা মো. ওয়াসিম জানান, নয়ন খিলগাঁওয়ের ত্রিমোহনীতে থাকতেন। গত বুধবার রাত আটটার দিকে ফোনে তাঁকে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, কে বা কারা নয়নকে হত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পারিবারিক সূত্র জানায়, নয়ন তাঁর শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থাকলেও দুই মাস আগে নিজ বাড়িতে ফিরে আসেন। তিনি খিলগাঁও এলাকায় বালুর ব্যবসা করতেন। তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।
পুলিশ জানায়, রাজনৈতিক বা ব্যবসায়িক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যাকাণ্ডস্থল টেকেরবাড়ি নিরিবিলি এলাকা। সেখানে চারপাশে কাশবন। এর মধ্যে কোনো অঘটন ঘটলে তা পুলিশের নজরদারিতে রাখা দুরূহ। তবে পুলিশ খুনিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।
নয়নের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর বাবার নাম মোক্তার হোসেন।
তিনজনের অস্বাভাবিক মৃত্যু: গতকাল সকালে পুলিশ খিলগাঁও উড়ালসড়কের নিচ থেকে সোহরাব হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, ওই ব্যক্তি হেরোইনসেবী ছিলেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায়। তাঁর বাবা মৃত ফকিরচাঁদ।
বেলা দুইটার দিকে মান্ডার দানবের গলির ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় মাসুদ রানা (২৫) নামের এক যুবককে স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মতিঝিলে একটি ফটোকপিয়ার দোকানের কর্মচারী ছিলেন।
গত বুধবার মধ্যরাতে ঢাকা রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন আছে। তাঁর পরনে রয়েছে হাফ হাতা চেক শার্ট ও ছাই রঙের গেঞ্জি।
ঢাকা জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ওই যুবক ট্রেনের ছাদে করে ঢাকায় আসছিলেন। ধারণা করা হচ্ছে, পথে পদচারী সেতুর গার্ডারে আঘাত লেগে তাঁর মৃত্যু হতে পারে।