বালু ভরাট করে জমি দখলচেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নরাব এলাকায় বালু ভরাট করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রূপগঞ্জ থানায় এলাকাবাসী অভিযোগ দায়ের করেছেন।
হাটাব এলাকার রাসেল মিয়া বলেন, নরাব মৌজার আর এস ২২৩, ২২৫ ও ২৩১ নম্বর দাগের ২০ শতক জমি বায়োফার্মা প্রপার্টিজ নামের একটি কোম্পানি বালু ভরাট করে দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। বালু ভরাটের ফলে তাঁর একটি টিনশেড ঘর তলিয়ে গেছে। এর ফলে স্থানীয় কৃষকদের রোপণ করা ধানের চারা বালু ও পানিতে তলিয়ে যাচ্ছে। এ ঘটনায় তাঁরা থানায় লিখিত অভিযোগ করেছেন।
বায়োফার্মা প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল আযীম বলেন, ‘আমাদের জমিতে বালু ভরাট করতে গিয়ে পাশের কয়েকটি কৃষিজমি নষ্ট হয়েছে। রাসেল মিয়ার একটি ঘরও বালুতে তলিয়ে গেছে। তবে জোর করে জমি দখলের অভিযোগ ঠিক নয়।’