বালু ভরাটের কাজ নিয়ে যুবলীগ ও ছাত্রলীগে ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তালতলা এলাকায় একটি শিল্প কারখানার বালু ভরাটের কাজকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে গতকাল মঙ্গলবার কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাগবাড়িয়া এলাকায় রক্সি পেইন্টের নিচু জমিতে বালু ভরাটের ঠিকাদারি কাজ পায় স্থানীয় যুবলীগ কর্মী শামসুল মিয়া। কারখানার পক্ষ থেকে কাজ করার নির্দেশ পেয়ে গতকাল মঙ্গলবার শামসুল বালু ভরাটকাজের প্রস্তুতি নিলে ছাত্রলীগ কর্মী আরিফ হোসেন ও তাঁর সহযোগীরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
শামসুল মিয়া বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে তিনি কার্যাদেশ পেয়েছেন। ঠিকাদারি কাজ না পেয়ে আরিফ মিয়া ও তাঁর লোকজন তাতে বাধা দেন। পরে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তাঁরা আমাদের লোকজনকে ধাওয়া দেন।’
আরিফ মিয়া বলেন, কাজটি দুই পক্ষের লোকজনের মধ্যে সমঝোতার ভিত্তিতে করার কথা ছিল। কিন্তু শামসুল মিয়া একাই কাজটি করতে চান। এ জন্যই তাতে বাধা দেওয়া হয়েছে।