বালু-মাটি পরিবহনে সড়কের সর্বনাশ

দিনাজপুরের বিরামপুরে নদী থেকে বালু এবং ফসলি জমি থেকে মাটি কাটার পর তা পরিবহনের জন্য অবৈধভাবে পাকা সড়ক ও কাঁচা রাস্তা কাটা হচ্ছে। উপরন্তু বালু ও মাটিবোঝাই ভারী যানবাহন চলাচল করায় সড়ক ও রাস্তাগুলো ভেঙে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
সড়কগুলোর দুরবস্থার কারণে ভোগান্তি পোহাচ্ছে এলাকার হাজারো মানুষ। জনপ্রতিনিধিসহ সচেতন এলাকাবাসী অবৈধভাবে সড়ক ও রাস্তা কাটা বন্ধের দাবি জানিয়েছেন।
বিরামপুর পৌর শহরের পশ্চিম পাশ, কাটলা ইউনিয়নের পূর্ব পাশ এবং পলিপ্রয়াগপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের মামুদপুর, হোসেনপুর, শিমুলতলী এবং পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া, জোতজয়রাম, কাটলা ইউনিয়নের হরিহরপুর, কাটলা বাজার, চৌঘুরিয়াসহ ছোট যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। তোলার পর বালু ট্রাক্টর ও ট্রলি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নদী থেকে সড়কে ট্রাক্টর ও ট্রলি ওঠানামার জন্য যত্রতত্র পাকা সড়ক ও কাঁচা রাস্তা কাটা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালু তোলার জন্য বিরামপুর পৌরসভার মামুদপুর সড়ক, বিরামপুর-কাটলা সড়ক এবং কাটলা-ঘাসুরিয়া রাস্তা কাটা হয়েছে। উপজেলার কাটলা, পলিপ্রয়াগপুর, জোতবানি, বিনাইল, খানপুর ও দিওড় ইউনিয়নে ফসলি জমির মাটি পরিবহনের জন্য কাঁচা রাস্তা কাটা হয়েছে।
পৌর শহরের মামুদপুর মহল্লার মো. মোস্তফা এবং পলিপ্রয়াগপুর ইউনিয়নের রফিকুল ইসলাম জানান, বালু ও মাটি ব্যবসায়ীরা ট্রাক্টর-ট্রলি ওঠানো-নামানোর জন্য সড়কের পাশের আট থেকে দশ হাত কেটে ঢাল তৈরি করেন। সেই জায়গা দিয়ে বালু ও মাটিবোঝাই যানবাহন ওঠানামা করায় সড়ক বা রাস্তা কাটার স্থানটি ধীরে ধীরে ধসে যেতে থাকে।
মোন্নাপাড়া, জোতজয়রাম, মামুদপুর, হোসেনপুর, কাটলা এলাকায় গিয়ে বালু উত্তোলনকারী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন প্রতিটি স্থান থেকে কমপক্ষে ১০০ থেকে ২০০ ট্রাক্টরে করে বালু পরিবহন করা হয়।
পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, শাখা যমুনা নদী থেকে অপরিকল্পিতভাবে তোলা বালু পরিবহন করতে বিরামপুর-মাদিলাহাট পাকা সড়ক ও বন্যানিয়ন্ত্রণ বাঁধটি যত্রতত্র কাটা হয়েছে। এতে বিভিন্ন স্থান ধসে যাওয়ায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পলিপ্রয়াগপুর ইউপির চেয়ারম্যান আরও জানান, শ্রীপুর গ্রামের বাসিন্দারা বালু উত্তোলন বন্ধে প্রশাসনে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট করে বালু উত্তোলন বন্ধ করেছেন। প্রস্তমপুর, মোন্নাপাড়া, চকহরিদাশপুরসহ কয়েকটি গ্রামের শতাধিক লোক বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
কাটলা ইউপির চেয়ারম্যান সামছুল আলম জানান, একটি সড়কের জন্য প্রত্যন্ত এলাকার জনগণকে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। সরকারের খরচ হয় কোটি কোটি টাকা।
উপজেলা প্রকৌশলী মাহমুদ জামান জানান, সড়ক কাটা অপরাধ। তা ছাড়া গ্রামের সড়কগুলো প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। এসব কারণে দ্রুত গ্রামীণ সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সড়ক কাটা বন্ধের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিরামপুরের ইউএনও এস এম মনিরুজ্জামান আল মাসউদ জানান, পরবর্তী আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে যত্রতত্র সড়ক কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।