বালুচাপা অবস্থায় শিশুর লাশ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজ হওয়ার এক দিন পর দুই বছর বয়সী আলী হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌর এলাকার প্রফেসরপাড়া ডারারপাড় নামক এলাকা থেকে গতকাল রোববার বালুচাপা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
আলী হোসেন পৌর শহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়া গ্রামের মাহবুব মণ্ডল ও মোসাম্মৎ আর্জিনা বেগমের ছেলে। শিশুর বাবা ও মা জানান, তাঁদের চার ছেলের মধ্যে আলী হোসেন সবার ছোট। তাকে বাড়িতে বড় ছেলেদের কাছে রেখে জীবিকার তাগিদে গত শনিবার তাঁরা বাংলা হিলিতে যান। বিকেলে বাড়িতে ফিরে তাঁরা আলীকে কোথাও খুঁজে না পাওয়ায় শনিবার সন্ধ্যায় শহরে তাঁর নামে মাইকিংও করা হয়। গতকাল রোববার সকাল সাতটায় বাড়ির পেছনে বালুচাপা দেওয়া অবস্থায় আলীর মৃতদেহ পাওয়া যায়।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। সুরতহাল শেষে লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গতকালই ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত করছে।