ফেনীর সোনাগাজীর মুহুরী প্রকল্প এলাকায় বালুমহালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। গত শনিবার রাতে সোনাগাজী থানায় বালুমহালের একজন গাড়িচালক এ মামলা করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামে মুহুরী প্রকল্প এলাকায় ৩০-৪০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত একটি বালুমহালে হামলা, ভাঙচুর ও পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই চারজনকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ওই বালুমহালের মালিক ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ। এ বালুমহালটির আধিপত্য নিয়ে সাংসদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিরোধ চলছে। শনিবারের হামলায় তিনটি এক্সকাভেটর মেশিন (খননযন্ত্র) ভাঙচুর ও বালু সরবরাহের কাজে নিয়োজিত একটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণসহ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
খবর পেয়ে সোনাগাজী থানা–পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরিফুল ইসলাম (২০), দলিলুর রহমান (১৯), নেজাম উদ্দিন (২০), ওয়াসকুরুনীকে (২১) আটক করে। তাঁরা সবাই চর সোনাপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।
বালুমহালে হামলা প্রসঙ্গে সাংসদ রহিম উল্যাহ প্রথম আলোকে বলেন, আইয়ুব নবী ও ইফতেখার হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর বালুমহালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে।
এ ঘটনায় বালুমহালের পিকআপচালক মো. আবদুল্লাহ বাদী হয়ে আইয়ুব নবী, ইফতেখার হোসেনসহ ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
দলীয় সূত্র জানায়, আইয়ুব নবী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইফতেখার হোসেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া এজাহারভুক্ত টুটুল পাটোয়ারী সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতা–কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।