মুন্সিগঞ্জে বালুমহালের ইজারার নামে সন্ত্রাসীরা নদীর তীরে এসে নির্বিচারে কৃষিজমি কেটে নিচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। তাঁরা বালুমহালের ইজারা বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা হয়।
ওই সভায় গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দিন প্রধান হত্যাকাণ্ডসহ একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়। এ ছাড়া লৌহজং উপজেলা যুবলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলামকে অপহরণের পর হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
মাদকের বিষয়ে অধিকাংশ সদস্য আলোচনায় অংশ নেন। তাঁরা সবাই মাদক ব্যবসায়ীদের মূল হোতাদের গ্রেপ্তারের কথা বলেন। তাদের গ্রেপ্তার করতে না পারলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে কমিটির সদস্যরা একমত হন। সভায় এবার গত বছরের তুলনায় কোরবানির পশুর হাটের ইজারা অনেক কম মূল্যে দেওয়ার কারণে সরকারের কোটি টাকার রাজস্বের ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
সভা চলাকালে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মর্জিনা বেগম তাঁর স্বামী প্রয়াত সামছুদ্দিন প্রধান ও তাঁর চাচা শ্বশুর মনসুর আলী হত্যার বিচার চাইতে গিয়ে কেঁদে ফেলেন।
সভায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, ‘মাদকসহ সন্ত্রাসী কাউকে গ্রেপ্তার করলে আমি কখনোই তদবির করব না; বরং পুলিশ-প্রশাসন সহযোগিতা চাইলে আমি পূর্ণ সহযোগিতা করব।’ বালুমহালের ইজারা নিয়ে তীরে এসে জমি কাটার প্রসঙ্গে সাংসদ বলেন, বালুমহালের ইজারা বাতিল করে প্রয়োজনীয় বালুর জন্য বিআইডব্লিউটিএর মাধ্যমে নদীর মধ্যভাগে বালু কাটার ব্যবস্থা করা হলে তীরে এসে বালুকাটা বন্ধ হবে।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘আমি আসার পর গত দুই মাসে দেড় থেকে দুই শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে সমপরিমাণ। তার পরও মাদক ব্যবসা কেন কমছে না—এ প্রশ্ন আমারও। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে তাই আমাদের সেই মূলে যেতে হবে। খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসতে বলেন।’
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, জনস্বার্থের কথা চিন্তা করে আগামী আর্থিক বছরে বালুমহালের ইজারা প্রদান বন্ধ রাখা হবে।