বালুমহালের দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে বালুমহালের অবৈধ দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। গতকাল সোমবার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার কদমীরচর এলাকার বালু সন্ত্রাসী জয়নাল লোকজন নিয়ে মেঘনা নদীতে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। খবর পেয়ে আরেক বালু সন্ত্রাসী আবদুস সাত্তার শতাধিক সশস্ত্র লোকজন নিয়ে ট্রলারে করে মেঘনা নদীতে জয়নালের খননযন্ত্র দখলের চেষ্টা করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষে গোলাগুলি শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও গোলাগুলিতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাঁদের ঢাকা, কুমিল্লার হোমনা, বাঞ্ছারামপুরসহ বিভিন্ন এলাকার হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের একপর্যায়ে জয়নালের লোকজন পিছু হটলে সাত্তারের লোকজন খননযন্ত্রে আগুন ধরিয়ে দেন। বিবদমান দুটি পক্ষই ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক।
সংঘর্ষে সাত্তারের পক্ষের হালিম, আক্তার, আ. সাত্তার, জয়নাল, দাউদ, মনির ও আলম গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে হালিম ও আক্তারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। এ ছাড়া জয়নালসহ তাঁর পক্ষের খলিল, জলিল, রুবেল ও ইয়াছিন গুলিবিদ্ধ হন। খলিল ও জলিলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য কুমিল্লার হোমনা, বাঞ্ছারামপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু হান্নান বলেন, দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না, তার খোঁজ নেওয়া হচ্ছে।