বালুর স্তূপ থেকে ট্রাকচালক ও সহকারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞার রামানন্দপুর গ্রামের একটি বালুর স্তূপ থেকে গতকাল সোমবার এক ট্রাকচালক ও তাঁর সহকারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দাগনভূঞার ফাজিলের ঘাট সড়কের রামানন্দপুর গ্রামের একটি বালুর স্তূপে দুই-তিন দিন আগ থেকে পচা দুর্গন্ধ পাচ্ছিল গ্রামবাসী। গতকাল সকালে এলাকাবাসী ওই বালুর স্তূপের ভেতরে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে দাগনভূঞা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বালুর স্তূপ থেকে দুটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। ওই দুই ব্যক্তির পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই দুই ব্যক্তি হলেন ট্রাকচালক জহিরুল ইসলাম (৩৫) ও তাঁর সহকারী মো. মোক্তার (২৮)। জহিরুলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার জামালপুর গ্রামে। মোক্তারের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, গত ২৯ নভেম্বর রাতে পণ্যসহ একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে ছিনতাই হয়। পরে ট্রাকটি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পাওয়া যায়। কিন্তু চালক ও সহকারীর সন্ধান মেলেনি।

পুলিশ জানায়, জহিরুলের নিখোঁজের ঘটনায় ৩ ডিসেম্বর তাঁর ভাই আরিফুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।