কোস্টগার্ড এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নারায়ণগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে সাত কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় ভর্তি বাল্কহেড ও ট্রাক উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী নদীর কুইচ্চামারা এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় বাল্কহেড থেকে ভারতীয় কাপড় ট্রাকে লোড করা হচ্ছিল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চাদর। সেগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-১০০৭) ও বাল্কহেডটি (এম ভি অবকাশ) জব্দ করে বুড়িগঙ্গা নদীর তীরে ফতুল্লার পাগলা স্টেশনে আনা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।