বাল্যবিবাহ থেকে রক্ষা পেল পাঁচ কিশোরী
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দুই কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শুক্রবার তাঁদের অভিযানের খবর পেয়ে উপজেলার আরও তিনটি পরিবার তিন কিশোরীর বিয়ে বন্ধ করে দেয়।
ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত রক্ষা পাওয়া দুই কিশোরী হলো কাজীহাল ইউনিয়নের হযরতপুর গ্রামের মমতাজ আলীর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে শারমিন আক্তার ও শিবনগর ইউনিয়নের হাজির মোড় এলাকার শহিদুল ইসলামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে অনিকা পারভিন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, আজ সকাল থেকে কাজীহাল ইউনিয়নের হযরতপুর গ্রামের শারমিন আক্তার ও শিবনগর ইউনিয়নের হাজির মোড় এলাকার অনিকা পারভিনের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে বেলা ১১টার দিকে ইউএনও এহেতেশাম রেজার নেতৃত্বে একদল পুলিশ অনুষ্ঠানস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এ সময় অনিকার বাবা মো. শহিদুল ইসলাম প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে ইউএনও এবং পুলিশের কাছে মুচলেকা দেন। পরে দুপুর ১২টার দিকে উপজেলার কাজীহাল ইউনিয়নের হযরতপুর গ্রামে গিয়ে একইভাবে কিশোরী শারমিন আক্তারের বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। শারমিন আক্তারের বাবা মমতাজ আলীও একইভাবে মুচলেকা দিয়ে ছাড়া পান।
ইউএনও এহেতেশাম রেজা প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার পাঁচটি স্থানে বাল্যবিবাহ দেওয়ার খবর আসে। দুই জায়গায় অভিযান চালানোর পর এ খবর ছড়িয়ে পড়ে। অন্য তিন জায়গায় গিয়ে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে পরিবারের সদস্যরা নিজেরাই বিয়ে বাতিল করে দিয়েছেন।