বাল্যবিবাহ আয়োজন করায় নৈশপ্রহরী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার মেয়ের বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় মাসুদ আলী নামের এক নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি চাঁদপুর উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী।
এলাকার কয়েকজন বাসিন্দা ও চাঁদপুর উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, মাসুদ আলী তাঁর মেয়ের (১৪) সঙ্গে সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকার এক যুবকের সঙ্গে গত মঙ্গলবার বিয়ের দিনক্ষণ ঠিক করেন। ওই বিদ্যালয়ের মাঠের সঙ্গে মাসুদের বাড়ি। ওই মাঠেই বরযাত্রীদের বসার ব্যবস্থা করা হয়। সন্ধ্যা হওয়ার আগেই তিন মাইক্রোবাসে বরযাত্রী আসেন। বরযাত্রীদের খাবার দেওয়া হয়। কাজী সাইফুল ইসলামও এসে যান। রাত সাড়ে আটটার দিকে মেয়েকে স্বর্ণালংকার পরানোর কাজ শুরু হয়। এ সময় শিক্ষক, খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী, আনসার ও ভিডিপির সদস্যসহ কয়েকজন সচেতন মানুষ বিয়ের আসরে এসে বিয়ে বন্ধ করে দেন।
চাঁদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামালউদ্দীন বলেন, ‘বিদ্যালয়ের কর্মচারী হয়ে মাসুদ নিজের মেয়ের বাল্যবিবাহ দেওয়ার আয়োজন করায় স্কুলের মেয়েদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। এ কারণে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ফোনে কথা বলে তাঁকে সাময়িক বরখাস্ত করেছি।’