বাল্যবিবাহ করতে এসে বর শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে বিয়ে করতে আসা বরকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া বরের বাবা ও ছাত্রীর বাবা-মাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুপুরে এ সাজা দেন।
আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদ। ছাত্রীটি আদালতকে বলে, ‘রোববার সন্ধ্যায় সে পড়তে বসার প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ তাদের বাড়িতে দুটি ভটভটিতে করে বরযাত্রী এসে হাজির হয়। মা এসে তাকে বলেন, “আজ তোর বিয়ে। সাজগোজ করে নে।” আমি এ বিয়েতে রাজি ছিলাম না। কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কী করব? পরে পুলিশ এসে এ বিয়ের হাত থেকে আমাকে রক্ষা করে।’
গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে ছাত্রীসহ পাঁচজনকে হাজির করে পুলিশ। আদালতের হাকিম তাঁদের বক্তব্য শোনেন। পরে বর নাজমুল মণ্ডলকে (২৩) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বরের বাবা নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রামের কৃষক বাদশা মণ্ডল এবং ছাত্রীর বাবা ও মাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কাজ সমাপ্ত ঘোষণার আগে হাকিম শাকিল মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে বাল্যবিবাহ ঠেকানোর জন্য পরিবার ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নাজমুল মণ্ডল পেশায় ট্রাকচালক। তিনি বলেন, কনে দেখা ও বিয়ের আয়োজন রোববার রাতেই হওয়ার কথা ছিল। মা-বাবার ইচ্ছায় তিনি এ বিয়ে করতে রাজি হয়েছিলেন।
ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, রোববার সন্ধ্যায় খবর পেয়েই পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয়। বরসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের আদেশে ট্রাকচালক নাজমুলকে কারাগারে পাঠানো হয়েছে।