বাল্যবিবাহ : কাজিসহ আটক ৪
জয়পুরহাটের আক্কেলপুরে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে গতকাল বুধবার রাতে কাজিসহ চারজনকে আটক করা হয়েছে। বিয়ের পর কনেকে নিয়ে বরের বাড়ি আসার পথে তাঁদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলেন, বর হাবিবুর রহমান (২২), তাঁর বাবা কফিল উদ্দিন (৫০), কনের দাদি দেলেরা বেগম (৪৫) ও তিলকপুর ইউনিয়নের (ইউপি) নিকাহ নিবন্ধক (কাজি) আইয়ুব আলী (৪৮)। কাজি বিনঝাড় দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। বরের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার বলরামপুর গ্রামে আর কনের বাপের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বামনী গ্রামে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বামনী গ্রামের জিয়ারুল ইসলামের কন্যা বিনঝাড় দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ কনের বাড়ি পৌঁছার আগেই বরযাত্রীবাহী বাসটি বলরামপুরের উদ্দেশে রওনা দেয়। পথে আক্কেলপুর-তিলকপুর সড়কের পৌর এলাকার নবাবগঞ্জ সেতুতে পুলিশ বরযাত্রীবাহী বাসটি আটক করে থানায় নিয়ে আসে। পরে গভীর রাতে নিকাহ নিবন্ধককে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে থানায় গেলে লাল শাড়ি পরে বসে থাকা কনে জাকিয়া সুলতানা জানায়, তার ইচ্ছার বিরুদ্ধে মা, বাবা ও দাদি এ বিয়ের আয়োজন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ওসি সাহেবের কাছে তিনি বিষয়টি জেনেছেন।