বাল্যবিবাহ ঠেকল, কনের বাবা ও বর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বয়স সর্বোচ্চ ১৩ বছর। বরের বয়স ২৫ বছর। চলছিল বিয়ের প্রস্তুতি। হঠাৎ সেখানে উপস্থিত হন নির্বাহী হাকিম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা, বর এবং বরের এক আত্মীয়কে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোরাজারামপুর-মালোপাড়ায় আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

আদালতের নির্বাহী হাকিম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার ঘোষ জানান, মালোপাড়ায় মো. মূসা তাঁর ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি বলেন, বাল্যবিবাহের প্রস্তুতির দায়ে বর পৌর এলাকার রাজারামপুরের মো. মোমিন (২৫) ও তাঁর ভগ্নিপতি রেজাউল করিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কনের বাবাকেও একই কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।