বাল্যবিবাহ থেকে মুক্তির পর ধর্ষণের শিকার
মেয়েটির বয়স ১৬ বছর। নবম শ্রেণিতে পড়ে। তিন মাস আগে বাল্যবিবাহের পিঁড়িতে বসতে হয় তাকে। তবে সংসার টেকে না। মাত্র ১১ দিন পর স্বামী-সংসার ছেড়ে দেয় সে। আবার শুরু করে স্কুলে যাওয়া। এবার বাদ সাধে স্থানীয় এক বখাটে তরুণ (১৯)। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে ধর্ষণ করে ওই তরুণ। আবারও স্কুল বন্ধ হয় তার।
পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নে ৩ মে এ ঘটনা ঘটে। মেয়েটিকে প্রায় ১০ দিন চিকিৎসা শেষ বাড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা সদর থানায় ওই দিনই ধর্ষণের মামলা করেছেন। মামলায় ওই তরুণসহ তার এক বন্ধুকে আসামি করা হয়েছে। এরপরও পুলিশ ১৮ দিনে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
মেয়েটির স্বজন ও প্রতিবেশীদের দাবি, অভিযুক্ত তরুণ গ্রামেই ঘুরছে। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। ফলে ছেলেটির পরিবার প্রভাব দেখিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, তিন মাস আগে মেয়েটির বিয়ে হয়েছিল। কিন্তু সে সংসার করেনি। স্বামী-সংসার ছেড়ে এসে নিয়মিত স্কুল করছিল। অধিকাংশ দিন সে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে একাই স্কুলে যেত। ঘটনার দিন সকালেও একাই স্কুলে যাচ্ছিল। পথে ওই তরুণ ও তার এক বন্ধুর সহযোগিতায় মেয়েটিকে মোটরসাইকেলে তুলে পাশের একটি লিচুবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি জ্ঞান হারালে তারা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিদের খবরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়।
গতকাল রোববার মেয়েটির বাবা অভিযোগ করে বলেন, ওই তরুণ গ্রামেই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ ১৮ দিনেও তাকে গ্রেপ্তার করেনি। ফলে ছেলেটির পরিবার নিজেদের প্রভাব দেখিয়ে মামলাটি তুলে নিতে হুমকি দিচ্ছে। এতে তিনি অসহায় হয়ে পড়েছেন।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও হিমাইতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বেদার উদ্দিন বলেন, ‘আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানো সত্ত্বেও গ্রেপ্তার না করার অভিযোগ সঠিক নয়। আমরা আসামিদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছি। কিন্তু ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। আশা করছি খুব শিগগির তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’