বাল্যবিবাহ থেকে রক্ষা পেল তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে তিন কিশোরী। বাল্যবিবাহের আয়োজন করায় এক বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড, জাল জন্মনিবন্ধন সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে এক মাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই মাকে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মৌলভীবাজারের বড়লেখা, গোপালগঞ্জের কোটালীপাড়া এবং নাটোর সদর উপজেলায় আজ শুক্রবার এ ঘটনা ঘটে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আজ মেয়ের বাল্যবিবাহের আয়োজন করায় বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ্ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেলা দেড়টার দিকে কনের বাড়িতে অভিযান চালান। টের পেয়ে আগেই বরপক্ষের লোকজন সেখান থেকে সটকে পড়ে।
পরে ভ্রাম্যমাণ আদালত ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করায় বাবা আবুল কালামকে (৫৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে মেয়ের মা মিনারা আক্তার ও চাচা আবদুস ছালামকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বিছরাবাজার এলাকায়।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত বাবাকে মৌলভীবাজার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রথম আলোর ফরিদপুর অফিস জানিয়েছে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর বয়সী এক মেয়ে। সে উপজেলার টুটাপাড়া গ্রামের আবদুল রাজ্জাকের মেয়ে। স্থানীয় কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে মেয়েটি।
আজ দুপুরে ইউএনও জিলাল হোসেন ওই ছাত্রীর বাড়ি হাজির হয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, একই উপজেলার হিরণ গ্রামের নূর ইসলাম মুনশির ছেলে মামুন মুনশির (৩৫) সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক হয়। আজ ছিল বিয়ের দিন। খবর পেয়ে দুপুরে ইউএনও মেয়েটির বাড়ি উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন।
পরে ইউএনও বাল্যবিবাহের আয়োজন করায় মেয়েটির মা খুরশিদা বেগমকে এক হাজার টাকা জরিমানা করেন এবং মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মায়ের কাছ থেকে মুচলেকা নেন।

প্রথম আলোর নাটোর প্রতিনিধি জানিয়েছেন, জাল জন্মনিবন্ধন সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে মাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক আত্মীয়কে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বিকেলে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোহাম্মদ নায়িরুজ্জামান এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের হাবিবুর রহমান ও শিউলি বেগম তাঁদের নাবালিকা মেয়ের (১৫) জন্মসনদ জাল করে বেশি বয়স দেখিয়ে বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেন। সে সময় মেয়ের মা শিউলী বেগম ও তাঁর এক আত্মীয় হারুন মণ্ডলকে আটক করা হয়। পরে শিউলী বেগমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও হারুন মণ্ডলকে এক হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। শিউলী বেগমকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত হারুন মণ্ডল শহরের কানাইখালী মহল্লার বাসিন্দা।
নির্বাহী হাকিম মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, গোপন খবরের ভিত্তিতে বিয়েবাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে ওই সময় পর্যন্ত বরপক্ষ বিয়েবাড়িতে পৌঁছায়নি। বাড়িতে মেয়েটির মা ও তাঁকে সহযোগিতা করার জন্য এক আত্মীয় উপস্থিত ছিলেন। তাঁরা জন্মসনদ জাল করে মেয়ের বয়স বাড়ানোর কথা স্বীকার করেছেন। তাই তাঁদের জেল-জরিমানা করা হয়েছে।