বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মেয়েটি

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রতনী গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। বিয়ে বন্ধ করে বর ও কনের অভিভাবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
শনিবার দুপুরে আনিসুর রহমান জানান, সদর উপজেলার বহুলী ইউনিয়নের রতনী এলাকায় স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। ছাত্রীটির (১৪) সঙ্গে একই উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাতী গ্রামের এক তাঁতশ্রমিকের (২৩) বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাল্যবিবাহ বন্ধ করে বর ও কনের পরিবারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। কনের মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝালে তিনি তাঁর ভুল বুঝতে পারেন এবং মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেবেন না বলে মুচলেকা দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।