বাল্যবিবাহ দেওয়ায় পাঁচজনের কারাদণ্ড
জয়পুরহাটের আক্কেলপুরে বাল্যবিবাহ দেওয়ার দায়ে বর-কনের অভিভাবক, বিয়ের সাক্ষী, উকিল ও মৌলভিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) দুই হাজার টাকা জরিমানা এবং তাঁর নিবন্ধন বই জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কনের বাবা জিয়ারুল ইসলাম (৩২), সাক্ষী আফজাল হোসেন (৩৮), উকিল মুকুল হোসেন (২৮) ও মৌলভি ওমর আলী (৫৫)। তাঁরা উপজেলার বামনী গ্রামের বাসিন্দা। দণ্ড পাওয়া অপর ব্যক্তি হলেন বরের বাবা কফিল উদ্দিন (৫০)। তাঁর বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার বলরামপুর গ্রামে।
থানা-পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জিয়ারুল ইসলামের মেয়ে বিনঝাড় দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গত বুধবার রাতে কফিল উদ্দিনের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে বিয়ে দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় বরযাত্রীরা একটি বাসযোগে ফিরছিলেন। পুলিশ পথে বাসটি থামিয়ে বর-কনে ও তাঁদের অভিভাবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিয়ের মাওলানা, সাক্ষী, উকিল ও কাজিকে আটক করে থানায় আনা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বর-কনের অভিভাবক, সাক্ষী ও উকিলকে সাত দিন এবং মৌলভিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নিকাহ রেজিস্ট্রারকে দুই হাজার টাকা জরিমানা করেছেন আদালত। তাঁর নিকাহ নিবন্ধনের চারটি বই জব্দ করা হয়। বর ও কনেকে তাঁদের আত্মীয়ের জিম্মায় দেওয়া হয়েছে।
ওসি বলেন, নিকাহ রেজিস্ট্রার আইয়ুব আলী বিনঝাড় দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। বাল্যবিবাহের শিকার ওই মেয়েটি এই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তবে আইয়ুব আলী বলেন, ‘আমি বিয়ে নিবন্ধন করিনি। মেয়েটি আমার মাদ্রাসার ছাত্রী কি না, সেটিও জানি না।’
ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, আইয়ুব আলীর নিকাহ রেজিস্ট্রির নিবন্ধন বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। যে চারটি নিকাহ নিবন্ধন বই জব্দ করা হয়েছে, সেগুলোয় অনেক অসংগতি রয়েছে।