বাল্যবিবাহ নিবন্ধন করায় কাজির কারাদণ্ড
বাল্যবিবাহ নিবন্ধন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের মো. নাজিম উদ্দিন নামের এক কাজিকে (নিকাহ রেজিস্টার) সাত দিনের কারাদণ্ড দিয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে আদালত বসিয়ে ওই দণ্ড দেন থানা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. অহিদুল ইসলাম। পুলিশ নাজিমকে নান্দাইল মডেল থানার হাজতে নিয়ে গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকেলে চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে গোপনে ওই বিয়ের আয়োজন করা হয়। গ্রামের কয়েকজন বাসিন্দা ফোন করে খবরটি থানায় জানিয়ে দেন। পরে থানা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়ে বিয়ের আসরে যায় পুলিশ।
নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী বলেন, সেখানে গিয়ে দেখা যায় নাজিম উদ্দিন নিজেকে মূল কাজির সহকারী পরিচয় দিয়ে বিয়েটি নিবন্ধন খাতায় লিপিবদ্ধ করছেন। পুলিশ তখনই বিয়ে বন্ধ করে নিবন্ধন খাতাটি জব্দ করে নাজিমকে ধরে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে হাজির করে। আদালতে তিনি নিজের দোষ স্বীকার করলে তাঁকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. অহিদুল ইসলাম বলেন, সহকারী কাজি নামে কোনো পদ নেই। নাজিমের কাছে বিয়ে নিবন্ধন রেজিস্টার পাওয়া যাওয়ায় ওই ইউপির মূল কাজিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে।