বাল্যবিবাহ নিবন্ধনের চেষ্টার দায়ে কারাদণ্ড
নাটোর সদর উপজেলায় অভিযান চালিয়ে বাল্যবিবাহ নিবন্ধন করার সময় এক বিবাহ নিবন্ধন সহকারীকে (কাজি) হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলার উলুপুর আমহাটি গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। সাজা পাওয়া বিবাহ নিবন্ধন সহকারীর নাম রওশন আলী (৫৫)। তিনি সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া গ্রামের বাসিন্দা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নায়িরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী কর্মকর্তা জানান, দিঘাপতিয়া গ্রামের একটি কাজি অফিসে গোপনে সদর উপজেলার বেজপাড়া উলুপুর আমহাটি গ্রামের এক কিশোরীর সঙ্গে (১৫) রাজশাহীর শিরোইল এলাকার (১৬) এক কিশোরের বিয়ের নিবন্ধন করা হচ্ছিল।
খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা সেখানে যান। এ সময় তিনি বিবাহ নিবন্ধন সহকারীকে হাতেনাতে আটক করেন। বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার অপরাধে পরে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ছেলে ও মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক ছিল। কিন্তু বিয়ের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ছেলেমেয়ের অভিভাবকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে রওশনকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।