বাল্যবিবাহ পণ্ড, পালালেন 'বর'
বগুড়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া দক্ষিণপাড়া মহল্লায় বিয়েবাড়িতে অভিযান চালিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিয়ে করতে আসা ছেলেসহ তাঁর পক্ষের লোকজন পালিয়ে যান।
গতকাল শুক্রবার বেলা পৌনে একটার দিকে শাজাহানপুর ইউএনও মো. কামরুজ্জামান এ অভিযান চালান। বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া মেয়েটি মাদলা চাঁচাইতারা যুক্ত উচ্চবিদ্যালয়ের ছাত্রী।
প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। দুপুরে জুমার নামাজের আগে বরযাত্রী হাজির হয় মেয়েটির বাড়িতে। বিয়ে পড়ানোর প্রস্তুতি ও বরযাত্রীদের ভোজনের আয়োজন চলছিল। এর মধ্যেই বাল্যবিবাহের খবর পেয়ে ইউএনও পুলিশ সঙ্গে নিয়ে সেখানে হাজির হন। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরকে নিয়ে পালিয়ে যান ‘বরে’র সঙ্গে আসা লোকজন। পরে মুচলেকা দিয়ে রক্ষা পান মেয়েপক্ষের লোকজন।