বাল্যবিবাহ বন্ধ, কনের বাবার মুচলেকা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) বাল্যবিবাহের কবল থেকে রক্ষা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় গতকাল বুধবার ওই ছাত্রীর বাবার মুচলেকা নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল ওই ছাত্রীর সঙ্গে পাশের গ্রামের এক তরুণের (২৬) বিয়ের কথা ছিল। এ উপলক্ষে মঙ্গলবার রাতে গায়েহলুদের আয়োজন করা হয়। এলাকার একজন সংস্কৃতিকর্মী এক সাংবাদিককে বাল্যবিবাহের খবরটি জানান। ওই সাংবাদিক খবরটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। তিনি বিয়েটি বন্ধের জন্য উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ওই দুই কর্মকর্তা বিয়ে বন্ধের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ করেন। তাঁরা রাতে ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। গতকাল বুধবার স্থানীয় এক জনপ্রতিনিধি ছাত্রীর বাবাকে থানায় নিয়ে আসেন। সেখানে ছাত্রীর বাবা মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।
ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমরা গেরামের মানুষ। সরহারি আইন-টাইন বুঝি না। মেয়েডা বড় অইছিল তাই বিয়া দিতা ছাইছিলাম। মেয়ে বিয়া দিতা গিয়া ১৮ বছর অইতে অইবো এইডা আমার জানা আছিইন না।’
ইউএনও মোহাম্মদ নাজমুল হক বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিগগিরই স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনকে নিয়ে জনসচেতনতামূলক সভা করা হবে।