বাল্যবিবাহ বন্ধ ও এর সঙ্গে জড়িতদের সাজা দিতে গিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আর এ ঘটনার ছবি তুলতে গিয়ে বেদম মারধরের শিকার হয়েছেন একজন সাংবাদিক। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলার আনিপুর গ্রামের দশম শ্রেণির একটি মেয়ের সঙ্গে পাশের খন্দকবাড়িয়া গ্রামের সাইফুল ইসলামের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা ভূমি কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম আনিপুরে ছুটে যান। তিনি সেখানে বিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এর সঙ্গে জড়িত মেয়ের দুই চাচাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। পরে তাঁদের ইউএনও কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, খবর পেয়ে দণ্ডিত দুজনকে ছাড়িয়ে আনতে ইউএনও কার্যালয়ে ছুটে যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শামিম হোসেন মোল্লা। তাঁর সঙ্গে ছিলেন শতাধিক কর্মী। তাঁরা চৌধুরী রওশন ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং গালাগাল করেন। দণ্ডিতদের সাজা মওকুফ না করলে উপজেলা প্রশাসন অচল করে দেওয়ারও হুমকি দেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইউএনও কার্যালয়ে ঝামেলার কথা শুনে সেখানে উপস্থিত হন স্থানীয় নবচিত্র পত্রিকার সাংবাদিক ও শৈলকুপা প্রেসক্লাবের সদস্য মো. ওয়ালিউল্লাহ। আওয়ামী লীগের কর্মীরা তাঁকে দেখেই মারধর শুরু করেন।