বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাল্যবিবাহ বন্ধে প্রশাসন কঠোর ও কর্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে এ উপজেলায় বাল্যবিবাহ কমছে না।
উপজেলার দুটি ইউনিয়নের বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে রায়হানপুর ইউনিয়নের মাদরতলী গ্রামের মাদারতলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নভেম্বরে নবম শ্রেণির দুই ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়া হয়েছে। একইভাবে ডিসেম্বরে কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের আমড়াতলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ও নভেম্বরে কালমেঘা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়া হয়। এরা সবাই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বখাটেদের উৎপাত ও যৌন হয়রানির শিকার হয়েছিল।
বাংলাদেশ মহিলা পরিষদ পাথরঘাটা উপজেলা কার্যালয়ের সাধারণ সম্পাদক মুনিরা ইয়াসমিন বলেন, প্রতিবছর এ উপজেলায় বাল্যবিবাহের সংখ্যা বাড়ছে। অথচ গত এক বছরে বাল্যবিবাহের অপরাধে শাস্তি বা অর্থদণ্ড দেওয়ার নজির নেই বললেই চলে।
পাথরঘাটা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে শুধু গত ঈদুল আজহা ও ঈদুল ফিতরে পাথরঘাটায় ১৭টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। এর মধ্যে ১১টি বাল্যবিবাহ চূড়ান্তভাবে বন্ধ হয়েছে। তবে এসব ঘটনায় কারও কারাদণ্ড বা জরিমানা হয়নি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন সরকার বলেন, ‘বাল্যবিবাহের বেশির ভাগ খবরই যথাসময়ে পাওয়া যায় না। খবর পেলেই দ্রুত আমরা তা বন্ধ করার চেষ্টা করি। এ ক্ষেত্রে শাস্তির চেয়ে জনসচেতনতায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’
সুশীলন নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, গত তিন বছরে ২১৭টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। ২০১২ সালে ৯০টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। পরের বছর এ সংখ্যা দাঁড়ায় ৬৮টিতে। এ সংখ্যা আরও কমে ২০১৪ সালে হয়েছে ৫৯টি। তবে প্রতিরোধ করার পরও ৬৭ শতাংশ বাল্যবিবাহ হয়ে গেছে। অভিভাবক ও পরিবারের লোকজন গোপনে, সময় নিয়ে ও অন্য জায়গায় নিয়ে কিশোরী মেয়েদের বিয়ে দিচ্ছেন।
সুশীলনের পাথরঘাটার ব্যবস্থাপক ইসমাইল হোসেন বলেন, ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বখাটেদের উৎপাত, যৌন হয়রানি, ভালো বর পাওয়া বাল্যবিবাহের প্রধান কারণ।
পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সরকারি কৌঁসুলি জাবির হোসেন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যায়। বাল্যবিবাহের আয়োজন ও প্রস্তুতিতে জড়িত অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তি একই অপরাধে অভিযুক্ত হবেন।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাওগাতুল আলম বলেন, বাল্যবিবাহের খবর পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। তা ছাড়া বাল্যবিবাহ নিরোধ আইনে নিয়মিত মামলা করার সুযোগ রয়েছে।