বাল্যবিবাহ বন্ধের জের ধরে হামলায় আহত ৭
ঝালকাঠি সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধের জের ধরে বর ও কনের পরিবারের লোকজনের হামলায় সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বালিঘোনা গ্রামের আবদুল্লাহ আল মামুন (২৬), তাঁর বাবা আবদুল সাত্তার (৫৮), চাচা আবদুল আজিজ (৫৪), চাচাতো ভাই শফিউল ইসলাম (২৭), বোন লামিয়া আক্তার (১৮), রিতা আক্তার (১৪) ও একই গ্রামের সুদীপ্ত নারায়ণ বসু (২২)।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মকবুল হোসেন বলেন, ‘ছেলে ও মেয়ে উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আমরা বিয়ে বন্ধ করে দিই। আবদুল্লাহ আল মামুন ও তাঁর পরিবারের ওপর হামলার বিষয়টি আমি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঝালকাঠি থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বালিঘোনা আল মাহাবুব তামিরি মিল্লাত মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মো. রাকিবের সঙ্গে প্রতিবেশী কবির হাওলাদারের মেয়ে একই মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী সুমনা আক্তারের বিয়ের প্রস্তুতি চলাকালে স্থানীয় লোকজন বিষয়টি জানান। খবর পেয়ে ইউএনও মুহাম্মদ মকবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।