বাল্যবিবাহ, বরসহ ৩ জনের কারাদণ্ড
জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগে বরসহ তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম এস এম শফি কামাল ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার আবদুল মতিন (বর), তাঁর বাবা মো. সফিক উদ্দিন ও স্থানীয় মসজিদের ইমাম মো. আলী হোসাইন।
এস এম শফি কামাল বলেন, চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার একটি মসজিদে গত রাতে (শুক্রবার) স্থানীয় আজাদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল। খবর পেয়ে তিনি সেখানে যান এবং তিনজনকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করেন। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে বর আবদুল মতিনকে এক মাসের এবং সফিক উদ্দিন ও আলী হোসাইনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে মেয়ের পরিবারের লোকজন ওখান থেকে পালিয়ে যাওয়ায় তাঁদের কাউকেই আটক করা যায়নি।
দণ্ডপ্রাপ্ত তিনজনকে আজ শনিবার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।