বাল্যবিবাহ যৌতুক বিরোধী প্রচারণায় দুই নারী
‘বাল্যবিবাহ, যৌতুক ও যৌন হয়রানি হোক প্রতিরোধ এবং আর নয় নারীর প্রতি সহিংসতা’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে দুই চাকার সাইকেলে কক্সবাজারের শাহপরীর দ্বীপ অভিমুখে যাত্রা করা দুই নারী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রচারাভিযান চালালেন।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই অভিযাত্রী তাবাসসুম ইসলাম ও নিশাত আনজুম উপজেলা সদরের ধানগড়া মহিলা কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেন।
অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে তাঁরা ছাড়াও বক্তব্য দেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা ও প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম।
দুই অভিযাত্রী বলেন, ‘শুধু নারী বলে কোনো কঠিন কাজ পারব না, এমন ভাবা ঠিক নয়। পুরুষের পাশাপাশি যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আজকে নারীকে এগিয়ে আসতে হবে।’ পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নারীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তাঁরা। অধ্যক্ষ তাঁদের ধন্যবাদ জানান এবং এর চেয়েও কঠিন কাজ নারীরা করবেন বলে আশা করেন।